>মুক্তিযুদ্ধের পুরো নয় মাস সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা চালায় নির্যাতন ও গণহত্যা। দেশের বিভিন্ন স্থানে তৈরি হয় অসংখ্য বধ্যভূমি ও গণকবর। এগুলোর কোনো কোনোটিতে কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছে।
বাঙালি জাতির জীবনে আজ এক বেদনাঘন দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নিরপরাধ, নিরস্ত্র, ঘুমন্ত সাধারণ মানুষকে যেভাবে হত্যা করেছিল, তা পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম গণহত্যার নজির হয়ে আছে।
স্বাধীনতার ৪৬ বছর পূর্তির প্রাক্কালে জাতি প্রথমবারের মতো ‘গণহত্যা দিবস’ হিসেবে দিনটি পালন করতে যাচ্ছে। অবশ্য ২৫ মার্চ দিবাগত রাতটি কালরাত হিসেবে স্মরণীয় হয়ে আছে বাঙালির মনে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০-এর সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও রাষ্ট্রপতি ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো মিলে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করতে থাকেন। সেই সময় বাঙালিদের ওপর সামরিক হামলার নীলনকশা চূড়ান্ত করা হয়।
২৫ মার্চ সেনানিবাস থেকে রাতের আঁধারে বেরিয়ে আসে ট্যাংক আর সাঁজোয়া জানের বহর। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘাতকেরা ঝাঁপিয়ে পড়ে কর্মক্লান্ত দিনের শেষে ঘুমন্ত সাধারণ মানুষের ওপর। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আর ইকবাল হলে নির্বিচারে গণহত্যা শুরু করে। কামানের গোলা ফেলে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাসে। আগুন জ্বালিয়ে দেওয়া হয় শহরের বিভিন্ন এলাকায়। এই বর্বর হত্যাযঞ্জের নাম দেওয়া হয় ‘অপারেশন সার্চলাইট’।
রাতেই পাকিস্তানি সেনারা হামলা চালায় রাজারবাগ পুলিশ লাইনস ও পিলখায় ইপিআর (বর্তমানে বিজিবি) জওয়ানদের ওপর। তবে পুলিশ ও ইপিআর সদস্যরা বীরত্বের সঙ্গে হত্যার উল্লাসে মেতে ওঠা ঘাতক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যত বর্বর হামলাই চালানো হোক না কেন, বাঙালি মাথা নত করে থাকবে না—প্রতিরোধের মধ্য দিয়ে সেই বার্তাই দিয়েছিলেন তাঁরা।
গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করেছেন।
কর্মসূচি
গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, একাত্তরের ঘাতক দলাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১, অফিসার্স ক্লাব, বাংলা একাডেমি, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজৈনিতক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করবে।