আজ গণিত অলিম্পিয়াড দলের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের চিয়াংমাই শহরে গত জুলাই মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের ছয় খুদে গণিতবিদ দেশের জন্য বয়ে এনেছে অনন্য সম্মান। ১০৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩৩তম এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে। বাংলাদেশ গণিত দলের এই খুদে গণিতবিদদের আজ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে সংবর্ধনা দেবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এবারের আসরে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের অবস্থান ছিল ৩৭তম, শ্রীলঙ্কার ৫১তম এবং পাকিস্তানের ৮৫তম।
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সানজিদ আনোয়ারের রৌপ্যপদক, একই কলেজের আদিব হাসান, সিলেট এমসি কলেজের আসিফ-ই-ইলাহী, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাজিদ আখতার তূর্য ও নটর ডেম কলেজের মো. সাব্বির রহমানের ব্রোঞ্জপদক জয়ের সুবাদে বাংলাদেশ এই অনন্য গৌরব অর্জন করে। দলের বাকি সদস্য বরিশাল জিলা স্কুলের এ এম নাঈমুল ইসলাম সম্মানজনক স্বীকৃতি পেয়েছে।
খুদে গণিত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমান, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার, বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, মনোরোগ চিকিৎসক অধ্যাপক মোহিত কামাল, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ আরও অনেকে। এ ছাড়া বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সংবর্ধনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি প্রতিবছর সারা দেশে গণিত উৎসবের মাধ্যমে আইএমওর জন্য প্রতিযোগীদের নির্বাচিত করে থাকে।