আজ গাইবান্ধা যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গাইবান্ধায় আসছেন। তাঁর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ। তৈরি করা হয়েছে অন্তত ২৫টি তোরণ।
জেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রী দুপুর ১২টা ২৫ মিনিটে গাইবান্ধা শহরের অদূরে তুলশীঘাট হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে তিনি গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে গিয়ে দশম সংসদ নির্বাচনের আগে-পরে বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং তাঁদের আর্থিক সহায়তা দেবেন। বেলা দুইটায় প্রধানমন্ত্রী গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে সদ্য সমাপ্ত সাতটি প্রকল্পের উদ্বোধন ও নতুন নয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন, গাইবান্ধা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, খাদ্যগুদাম, সাঘাটা, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, ইপিআই স্টোর ভবনের উদ্বোধন এবং সুন্দরগঞ্জের তিস্তা সেতু, পলাশবাড়ী, ফুলছড়ি ও সাঘাটা থানা ভবন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোবিন্দগঞ্জ প্রাণিসম্পদ কার্যালয় ভবন, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শাহ আবদুল হামিদ স্টেডিয়াম গ্যালারি, সাঘাটার বোনারপাড়ায় সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে প্রধানমন্ত্রী স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তুলশীঘাট হেলিপ্যাড থেকে স্টেডিয়ামের জনসভাস্থল পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়কে অন্তত ২৫টি তোরণ তৈরি করা হয়েছে। পৌরসভার উদ্যোগে তড়িঘড়ি করে ওই সড়ক মেরামত করা হয়েছে।
এদিকে গাইবান্ধাবাসী এলাকার উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জনসভায় যোগ দিতে প্রস্তুত হচ্ছেন। এর মধ্যে প্রধান দাবি হিসেবে উঠে এসেছে গাইবান্ধা শহরের অদূরে ব্রহ্মপুত্র নদে বালাসী বহুমুখী সেতু নির্মাণ। এ ছাড়া গাইবান্ধা কৃষি ইনস্টিটিউটকে কৃষি কলেজে রূপান্তর, ইপিজেড প্রকল্প, আইসিটি পার্ক, গাইবান্ধা আদর্শ কলেজকে সরকারীকরণ, শহরে বাইপাস সড়ক নির্মাণ, অসমাপ্ত চারটি সেতুর নির্মাণ সম্পন্ন, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করার দাবিতে বিভিন্ন সংগঠন ব্যানার তৈরি করেছে। প্রধানমন্ত্রী দেখতে পারেন এমন সব জায়গায় এসব ব্যানার লাগানো হয়েছে।
জানতে চাইলে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে ১৭ বছর পর নেত্রী গাইবান্ধায় আসছেন। তাই দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আশা করছি, জনসভায় লাখ লাখ মানুষের সমাগম ঘটবে।’