আজ গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গোপালগঞ্জে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরকালে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।
আজ সকালে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে জেলার টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রথমেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি কবরে ফাতিহা পাঠ এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেবেন। পরে ঘোনাপাড়ায় নবনির্মিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, মধুমতী নদীর ওপর চাপালি সেতু, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি এবং জাতীয় মহিলা সংস্থা ভবন উদ্বোধন করবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা নতুন রেলপথ প্রকল্প এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি কোটালীপাড়া উপজেলাধীন ১০০টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক স্কুলে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ করবেন।