আজ ঘটনাবহুল ৭ নভেম্বর
আজ ৭ নভেম্বর। ঘটনাবহুল এক দিন। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। এ উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি নিয়েছে। অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।
১৯৭৬ সাল থেকে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নামে জাতীয়ভাবে পালন করা হতো। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই দিনের সরকারি ছুটি বাতিল করে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এসে আবার তা বহাল করে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আবার এই দিনে সরকারি ছুটি বাতিল করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এর আড়াই মাস পর ৩ নভেম্বর শুরু হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা। ৩ নভেম্বর কারাগারে বন্দী অবস্থায় নিহত হন জাতীয় চার নেতা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে মুক্ত হন তিনি। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এ টি এম হায়দারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা সেদিন নিহত হন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল শুক্রবার এক বাণীতে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সব ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা তাই জাতীয় জীবনে প্রেরণার উৎস। তিনি বলেন, বাংলাদেশে এখন একটি বিনা ভোটের সরকারÿক্ষমতায় প্রতিষ্ঠিত। তারা দমন-নিপীড়নের মধ্য দিয়ে জনগণের কণ্ঠ রোধ করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুই ক্ষমতায় থাকতে বিভোর হয়ে উঠেছে।
পৃথক বাণী দিয়েছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
কর্মসূচি: আজ শনিবার সকাল ১০টায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতিহা পাঠ করবে বিএনপি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বেলা তিনটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা করবে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বেলা সাড়ে তিনটায় কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা করবে। এতে দলের সভাপতি হাসানুল হক ইনু সভাপতিত্ব করবেন।