আজ ঘটনাবহুল ৭ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭ নভেম্বর। ঘটনাবহুল একটি দিন। ১৯৭৬ সাল থেকে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে জাতীয়ভাবে পালন করা হতো। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই দিনের সরকারি ছুটি বাতিল করা হলেও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে আবারও তা বহাল করে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এই দিনে সরকারি ছুটি বাতিল ঘোষণাকরে। দিনটি পালন উপলক্ষে বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। আড়াই মাস পর ৩ নভেম্বর আবার শুরু হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা। কারাগারে বন্দী অবস্থায় নিহত হন জাতীয় চারজন নেতা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ক্ষমতার পালাবদলের ধারাবাহিকতায় ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে মুক্ত হন জিয়াউর রহমান। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এ টি এম হায়দারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা সেদিন নিহত হন।কিছু সংগঠন এ দিনটিকে ‘সৈনিক হত্যা’ দিবস হিসেবে পালন করে। এ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের উদ্যোগে গতকাল রাজধানীতে এক আলোচনা সভা হয়। দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সিমিন হোসেন রিমি, মোল্লা মো. আবু কাউছার, পঙ্কজ দেবনাথ প্রমুখ।দিবসটি উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক বাণীতে বলেন, ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের অন্যতম শর্ত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং আধিপত্যবাদী আগ্রাসন প্রতিরোধ করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এ মুহূর্তে অত্যন্ত জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেন, ‘যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৭৫ সালে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই একই চেতনাকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষায় আবার সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’কর্মসূচি: বিএনপির উদ্যোগে নয়াপল্টনের কার্যালয়ের সামনে সমাবেশ হবে। ভোর ছয়টায় দলের কার্যালয়ে ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতারা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। এ ছাড়া জাসদ (ইনু), জিয়া শিশু-কিশোর সংগঠন, ন্যাপ (ভাসানী) বিভিন্ন কর্মসূচি পালন করবে।