আজ চট্টগ্রামে বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা ও তাঁর ছেলে গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগর ও জেলায় আজ মঙ্গলবার পূর্ণ দিবস হরতাল ডেকেছে বিএনপি। তবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের অয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাংসদ মোস্তফা কামাল পাশা।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রশাসনের নিষ্ক্রিয়তায় আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা সন্দ্বীপের সাংসদ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনার জন্য শুধু সরকার নয়, প্রশাসনও দায়ী। সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে।’
ওই দিনের হামলার ঘটনার বর্ণনা দিয়ে সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন, ‘আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা রোববার বিকেলে ১৫টি মোটরসাইকেলে করে এসে আমার বাড়িতে হামলা চালায়। তাদের সঙ্গে হামলায় অংশ নেয় শাহজাহান, জামাল ও টিটো বাহিনীর সদস্যরা। সন্ত্রাসীরা আমার বাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। আমাকে বাঁচাতে গিয়ে আমার ছেলে জাবেদ বুকে গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী প্রতিরোধ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’
প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে মোস্তফা কামাল পাশা বলেন, ‘পুলিশ ও কোস্টগার্ডকে বারবার অবহিত করা সত্ত্বেও ঘটনাস্থলে আসেনি। অথচ আমার বাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে থানা। পুলিশ ঘটনাস্থলে আসে হামলার চার ঘণ্টা পর।’
সরকারবিরোধী আন্দোলন দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।