আজ চট্টগ্রামের ৪২ ও সিলেট বিভাগের ১৬ পৌরসভায় ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের ৪২ ও সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় আজ মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।আদালতের স্থগিতাদেশ থাকায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় আজ ভোট গ্রহণ হচ্ছে না। এ কারণে চট্টগ্রাম বিভাগের ৪৩টির স্থলে ৪২টি পৌরসভায় ভোট গ্রহণ হবে। এই ৪২ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪১ হাজার ৩০৭ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের এসব পৌরসভায় মেয়র পদে ২১৩, নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ৪১৮ এবং সাধারণ কাউন্সিলর পদে এক হাজার ৮০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে সর্বাধিক ১০ জন প্রার্থী রয়েছেন চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায়। সংরক্ষিত কাউন্সিলর পদে সর্বাধিক ২১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে সর্বাধিক ৭৩ জন প্রার্থী রয়েছেন লক্ষ্মীপুর পৌরসভায়।সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় মেয়র পদে ৭৪, নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮১ এবং সাধারণ কাউন্সিলর পদে ৬১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিভাগে মেয়র পদে সর্বোচ্চ সাতজন করে প্রার্থী রয়েছেন সিলেটের কানাইঘাট, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভায়। সংরক্ষিত কাউন্সিলর পদে সর্বোচ্চ ১৬ জন প্রার্থী রয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জে এবং সাধারণ কাউন্সিলর পদে সর্বোচ্চ ৫৪ জন প্রার্থী রয়েছেন সুনামগঞ্জ পৌরসভায়। এই ১৬টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৫ হাজার ৯৯০ জন।নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য চট্টগ্রাম বিভাগের পৌরসভাগুলোতে ৪৫ জন এবং সিলেট বিভাগের পৌরসভাগুলোতে ১৭ জন নির্বাহী হাকিম নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিচারিক হাকিমেরাও দায়িত্ব পালন করবেন।