আজ চলে আসুন পাঠক উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উৎসবের বাজনা বাজিয়ে আজ সকাল সাড়ে নয়টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় আয়োজন ‘পাঠক উত্সব: এসো আঠারোয়’। গল্প, গান, আনন্দ-আড্ডা আর ছবিতে এটি হবে তারুণ্যের বর্ণিল উদ্যাপন। এ আয়োজন মূলত তারুণ্যের শক্তি, স্বপ্ন, প্রেরণা ও ভালোবাসার উদ্যাপন। তরুণেরাই বাংলাদেশের ভবিষ্যৎ কারিগর, তারাই গড়বে দেশ। প্রথম আলোর এবারের সব আয়োজনে তাই তারুণ্যের জয়গান—এ দেশের বুকে ১৮ আসুক নেমে। এ আয়োজনে সবাইকে সাদর আহ্বান জানিয়েছে প্রথম আলো।
জানিয়ে দিচ্ছি দিনভর এই আয়োজনে কোথায় কী থাকবে।
প্রবেশপথ দিয়ে ঢুকেই সোজা মূল মঞ্চ। সারা দিন এই মঞ্চে থাকবে প্রিয় শিল্পীর গান, নাচ, নাটক ও আবৃত্তি। থাকছে জালালের বাঁশি ও নয়নের ঢোল। পূজা সেনগুপ্তের পরিচালনায় তুরঙ্গমীর নৃত্য পরিবেশনা ‘বসন্তপট’। এ ছাড়া আরও থাকছে কণ্ঠশীলনের বৃন্দ আবৃত্তি ও প্রাচ্যনাটের গীতিনৃত্যনাট্য ‘আঠারো বছর বয়স’ এবং মাহমুদা আক্তারের গল্প বলা। সংগীত পরিবেশন করবেন শাফিন আহমেদ, শফি মণ্ডল, শাহেদ, পিন্টু ঘোষ, এস আই টুটুল, দিনাত জাহান মুন্নী, সায়ান, অনিমা রায়, সাজেদ ফাতেমী, পারভেজ, রাজিব, কিশোর, সালমা, মুহিন, রন্টি, সাব্বির, পুলক, মুন, ইমরান, কর্ণিয়া, আশিক, মিনার, প্রীতম, ঐশী, তৌফিক, নাউমী, মিনার, ওয়ার্দা আশরাফ, সুহাশ, শর্মী খান ও অর্পিতা।
উপস্থিত থাকবেন সৈয়দ আবুল মকসুদ, সৈয়দ মনজুরুল ইসলাম, জুয়েল আইচ, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন প্রমুখ।
চলচ্চিত্র, টিভি ও সংগীতশিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন মোস্তফা সরয়ার ফারুকী, ফেরদৌস, শহীদুজ্জামান সেলিম, রোকেয়া প্রাচী, অপি করিম, জয়া আহসান, তিশা, অপূর্ব, সাজু খাদেম, আঁখি আলমগীর, ইমন, নিরব, সায়মন, বাপ্পা, জায়েদ খান, সজল, পরীমনি, বুবলী, সাবিলা নূর, তানজিন তিশা, শবনম ফারিয়া, জয় শাহরিয়ারসহ আরও অনেকে।
আর একই মঞ্চে বেলা তিনটায় ‘পাঠকের মুখোমুখি প্রথম আলো’ পর্বে সামনাসামনি আপনার প্রশ্নের উত্তর দেবেন প্রথম আলোর সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা।
একাডেমির নজরুল মঞ্চের পেছনের মাঠে থাকবে সবমিশালি মঞ্চ। সেখানে থাকবে ফ্যাশন শো আর বিনোদন তারকাদের উপস্থিতি। শোনা যাবে ‘স্বপ্ন নিয়ে’র তরুণদের কথোপকথন। এই মঞ্চে পরামর্শ দেবেন ডা. শুভাগত চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহিত কামাল, সুলতানা আলগিন, মেখলা সরকার, পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো, ডিজাইনার মাহিন খান ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ।
বর্ধমান হাউসের উত্তর পাশে পুকুরপাড়ে ফিচার পাতাগুলোর স্টলে থাকবে নানা আয়োজন। নকশা স্টলে থাকবে মেহেদি পরানো, বিউটি টিপস, রান্না টিপস, নেইল আর্ট। আছে ফটোবুথে ছবি তোলার সুযোগ। চলচ্চিত্র, টিভি ও সংগীতাঙ্গনের তারকাদের দেখা মিলবে বিনোদন স্টলে। তাঁদের অটোগ্রাফও মিলবে অটোগ্রাফ জোনে। বিখ্যাত খেলোয়াড়দের দেখা মিলবে খেলাঘর স্টলে।
‘ফিচারালো’ স্টলে থাকবে গোল্লাছুটের জিতুর কাটআউট। কুইজ, পাজল। থাকবে বায়োস্কোপ, ক্যারিকেচার, সেলফি/ফটোস্ট্যান্ড। রয়েছে বিজ্ঞানচিন্তা ও বার্তাকক্ষের স্টল। শিশুদের জন্য আলাদা করে রয়েছে কিডস কর্নার। আর খাবারের জন্য পুকুরের পূর্ব ও উত্তর পাশে ফুডকোর্ট। নজরুল মঞ্চসংলগ্ন ছোট মাঠে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী ও বইমেলা। এ ছাড়া ফারাজ স্মরণে থাকবে একটি বন্ধুত্ব মঞ্চ। আরও অনেক বর্ণাঢ্য আয়োজন নিয়ে সাজানো এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। চলে আসুন এই আনন্দ উদ্যাপনে।