আজ চা-শ্রমিক দিবস
বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজ রোববার চা-শ্রমিক দিবস পালন করা হবে। সকাল সাতটায় সিলেটের সব চা-বাগানে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হবে।বিকেল চারটায় মালনীছড়া চা-বাগানের পূজামণ্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন দিবসটি উপলক্ষে মালিক ও সরকারের প্রতি কয়েক দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে: চা-শ্রমিকদের দৈনিক মজুরি ২০০ টাকা নির্ধারণ, ২০ মে রাষ্ট্রীয়ভাবে ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন এবং ওই দিন চা-বাগানে ছুটি ঘোষণা।উল্লেখ্য, ১৯২১ সালের ২০ মে মালিকদের নির্যাতন সহ্য করতে না পেরে কাছাড় ও সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক বিদ্রোহ করে নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চা-বাগানের মালিকদের সহায়তায় একদল ব্রিটিশ গোর্খা সেনারা নির্বিচারে গুলি করে বেশ কয়েকজন চা-শ্রমিককে হত্যা করে। এরপর থেকে ওই দিনটি চা-শ্রমিকেরা ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন।