আজ চার জেলার ৯৩ গ্রামে ঈদ
ভোলা, পটুয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুরের প্রায় ৯৩টি গ্রামের অনেক মানুষ আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করবে।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।ভোলা: জেলার পাঁচ উপজেলার ২০টি গ্রামের প্রায় দুই হাজার পরিবার আজ ঈদ উদ্যাপন করবে।শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মো. মজনু মিয়া জানান, ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা উদ্যাপন করবে।মজনু মিয়া জানান, সকাল নয়টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে তাঁর বাড়ির আঙিনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলায় আরও কয়েকটি ঈদের জামাত হবে। মজনু মিয়া বলেন, সুরেশ্বরী পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া ও ভান্ডারি শরিফ পীরের অনুসারীরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপন করে আসছে।পটুয়াখালী: জেলার ২২টি গ্রামের কমপক্ষে ১০ হাজার পরিবার আজ ঈদ উদ্যাপন করবে। সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হক বলেন, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে সংগতি রেখে তাঁরা ঈদুল আজহা উদ্যাপন করছেন। তিনি জানান, ঈদের প্রধান জামাত হবে বদরপুর দরবার শরিফের মসজিদে।উল্লেখ্য, যেসব পরিবার ঈদ উদ্যাপন করছে, তারা পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফের পীর, চট্টগ্রামের সাতকানিয়া পীর ও চট্টগ্রামের পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারী। ১৯২৮ সাল থেকে এই তিন পীরের অনুসারীরা প্রতিবছর আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপন করে আসছে।লক্ষ্মীপুর: জেলার রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের কিছু পরিবার প্রতিবছরের মতো এবারও আরব বিশ্বের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করবে।জানা গেছে, রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের পীর মাওলানা আবদুল কাইয়ুম ওমের ভক্তরা কমপক্ষে ২০ বছর ধরে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছে।চাঁদপুর: জেলার প্রায় ৫০টি গ্রামের অনেকগুলো পরিবার আজ মঙ্গলবার ঈদ উদ্যাপন করবে। জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফের পীর মরহুম মাওলানা ইসহাক খানের অনুসারীদের মতে, ঈদসহ সব ধর্মীয় কার্যক্রম বিশ্বের সব দেশে একসঙ্গে পালিত হবে। ইসহাক খানের অনুসারীরা ১৯৩১ সাল থেকে এভাবে সব ধর্মীয় উৎসব পালন করে আসছে।