চার দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং রোডমার্চ কর্মসূচি সফল করার অংশ হিসেবে আজ সোমবার সকালে প্রস্তুতি সভা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। নগরের স্টেশন রোডের একটি হোটেলে এই সভা ডাকা হয়েছে। গতকাল রোববার রাতেই তিনি চট্টগ্রামে পৌঁছান। এম কে আনোয়ার চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ কর্মসূচির প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক।দলীয় সূত্র জানায়, আজকের প্রস্তুতি সভায় বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার চার দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় এম কে আনোয়ার ছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের দুই উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন এবং সংশ্লিষ্ট এলাকার চার দলের সাংসদেরা উপস্থিত থাকতে পারেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, বৃহত্তর চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের চার দলের নেতা ও সাংসদেরা সভায় উপস্থিত থাকবেন।আগামী ৮ জানুয়ারি সকালে চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ কর্মসূচি শুরু হবে। ওই দিন চান্দিনা ও কুমিল্লায় দুটি পথসভা এবং ফেনীর জনসভায় খালেদা জিয়া ভাষণ দেবেন। পরদিন বিকেলে চট্টগ্রামের জনসভায়ও ভাষণ দেবেন খালেদা জিয়া। দলীয় সূত্র জানায়, রোডমার্চ কর্মসূচি সফল করতে দলীয় নেতাদের ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। তাই স্থানীয় নেতাদের নিয়ে আজ সকাল ১০টায় স্টেশন রোডের হোটেল এশিয়ায় প্রস্তুতি সভা করবেন কেন্দ্রীয় নেতারা। বৈঠকে নেতৃত্ব দেবেন এম কে আনোয়ার। যোগাযোগ করা হলে এম কে আনোয়ার বলেন, ‘চট্টগ্রামের বিএনপিতে এখন কোনো দ্বন্দ্ব নেই। সবাই ঐক্যবদ্ধ আছেন। রোডমার্চ কর্মসূচির সফল করার ব্যাপারে স্থানীয় নেতাদের সঙ্গে আমরা বসছি।’এদিকে এই কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা পুলিশ উড়িয়ে দিচ্ছে না। কর্মসূচিকে ঘিরে জামায়াত-শিবিরের গোপন তৎপরতার ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। স্থানীয় পুলিশ নগর ও জেলায় এ বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ঢাকার মতো চট্টগ্রামেও নাশকতা হওয়ার আশঙ্কা আমরা উড়িয়ে দিচ্ছি না। জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’ পুলিশের আশঙ্কা অমূলক বলে মন্তব্য করেন এম কে আনোয়ার। তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে। তবে কর্মসূচি পালনে বাধা দেওয়া হলে জনগণ সেটা প্রতিহত করবে।’