আজ চিত্রা ভট্টাচার্যের ৮৫তম জন্মবার্ষিকী
সাবেক সাংসদ ও নারীনেত্রী চিত্রা ভট্টাচার্যের ৮৫তম জন্মবার্ষিকী আজ ১২ ডিসেম্বর। চিত্রা ভট্টাচার্য বাংলাদেশ জাতীয় সংসদের টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনে ১৯৯৬-২০০১ সময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সাংসদ ছিলেন। এ সময় তিনি সংসদের অর্থবিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি এবং পরবর্তী সময়ে উপদেষ্টা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি মহিলা পরিষদের আইন সহায়তা কমিটির উদ্যোগী সদস্য হিসেবে বিশেষ অবদান রাখেন। এ ছাড়া তিনি রামকৃষ্ণ মিশন, গান্ধী আশ্রম ট্রাস্ট (নোয়াখালী), ঢাকা অনাথ আশ্রম, প্রবর্তক সংঘ (চট্টগ্রাম), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন জনহিতকর ও সামাজিক প্রতিষ্ঠানে দীর্ঘসময় অগ্রণী দায়িত্ব পালন করেছেন।
তাঁর স্মৃতিতে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বিচারপতি দেবেশ ভট্টাচার্য এবং এমপি চিত্রা ভট্টাচার্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।