আজ চ্যানেল টোয়েন্টিফোরের বিষয়ে আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে কার্যক্রম হাতে নেওয়া হবে কি না, এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। ট্রাইব্যুনালে বিচারাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলা নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য প্রচারিত হওয়ায় তিনি চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, অনুষ্ঠানপ্রধান, ‘মুক্তবাক’ নামক টক শোর প্রযোজক, অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম হাতে নেওয়ার আরজি জানান। ১৮ সেপ্টেম্বর রাত ১১টায় ওই টক শো প্রচারিত হয়।
শুনানিতে জেয়াদ-আল-মালুম বলেন, সাকা চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষীর সংখ্যা ট্রাইব্যুনাল পাঁচজন নির্ধারণ করে দেন। আসামিপক্ষের এই পাঁচ সাক্ষীর মধ্যে বিচারপতি শামীম হাসনাইন কেন সাক্ষ্য দিতে পারেননি, সেটাও ট্রাইব্যুনাল আদেশের মাধ্যমে উল্লেখ করেছেন। তার পরও এ বিষয়ে ওই অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়া সাকা চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি—মাহফুজউল্লাহর এ ধরনের বক্তব্যের মাধ্যমে ট্রাইব্যুনাল ও এর বিচারিক প্রক্রিয়াকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।