আজ ছাত্রশিবিরের বিক্ষোভ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ সারা দেশে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে ‘টানা ৫২ দিন রিমান্ডে নিয়ে নির্যাতনের পর আবার ১৭ দিনের রিমান্ড আবেদনের প্রতিবাদে’ গতকাল সোমবার এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এ কর্মসূচির ঘোষণা দেন।বিবৃতিতে দাবি করা হয়, রিমান্ডে নির্যাতনে গুরুতর অসুস্থ শিবিরের সভাপতিকে গতকাল আদালতে হাজির করে সাভার ও কমলাপুর রেলওয়ে থানায় দায়ের করা দুটি মামলায় আবার ১৭ দিনের রিমান্ড চায় পুলিশ। কিন্তু আদালত তাঁর অসুস্থ অবস্থা দেখে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন এবং তাঁর স্বাস্থ্যগত প্রতিবেদন ২৮ মে জমা দেওয়ার আদেশ দেন। বিবৃতিতে শিবিরের সভাপতির নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।ঢাকা মহানগরে সভা-সমাবেশের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় বিক্ষোভের কর্মসূচি নতুন করে সহিংসতার আশঙ্কা সৃষ্টি করছে কি না, জানতে চাইলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্যবিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের মাথায় আছে। কিন্তু এ ছাড়া উপায় নেই।’