এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে আজ। রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে নয়টায় উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন করবেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সুফিয়া খাতুন। ভাষা প্রতিযোগের পতাকা তুলবেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান। মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করার লক্ষ্যে ২০০৫ সালে শুরু হয় ভাষা প্রতিযোগ। প্রথম আলো এবং এইচএসবিসির যৌথ উদ্যোগে দেশব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান এবার ১১ বছরে পা রাখল। গত বছর থেকে এই আয়োজনের সহযোগী হয়েছে গণসাক্ষরতা অভিযান।
এ বছর হবিগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, নড়াইল, বরিশাল, রাজশাহী, রংপুর ও ঢাকায় মোট নয়টি আঞ্চলিক উৎসবে স্কুল ও কলেজের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। আঞ্চলিক উৎসবগুলো থেকে বিজয়ী ৫৮০ জনকে নিয়ে বসবে জাতীয় উৎসবের এই আসর। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হবে সকাল আটটা থেকে।
উৎসবে অতিথি থাকবেন আবদুল্লাহ আবু সায়ীদ, রাশেদা কে চৌধূরী, সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ। থাকবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের কৃতী শিক্ষকেরা। সংগীত পরিবেশন করবেন ব্যান্ড জলের গান। জাদু পরিবেশন করবেন জাদুশিল্পী আলী রাজ। এ ছাড়া থাকবেন ক্রিকেট তারকা সাব্বির রহমান ও অভিনয় জগতের তারকারা।
গতবারের মতো এবারও জাতীয় উৎসব শেষে ভাষা প্রতিযোগের আবাসিক কর্মশালার আয়োজন করা হবে। জাতীয় পর্যায়ের বিজয়ীদের মধ্য থেকে ৪০ জনকে কর্মশালার জন্য নির্বাচন করা হবে।