এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ (২০১৬) জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে আজ। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) সকাল নয়টায় এ উৎসবের উদ্বোধন হবে।
উৎসবে অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, অধ্যাপক মহাম্মদ দানীউল হক, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সৌমিত্র শেখরসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের কৃতী শিক্ষকেরা। থাকবেন এইচএসবিসির প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া দ্য ম্যারিকো। সংগীত পরিবেশন করবেন ব্যান্ড চিরকুট ও শিল্পী হৃদয় খান।
এ বছর সিলেট, ময়মনসিংহ, যশোর, বরিশাল, চট্টগ্রাম, বান্দরবান, সৈয়দপুর (নীলফামারী), নাটোর ও ঢাকায় মোট নয়টি আঞ্চলিক উৎসবে স্কুল ও কলেজের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। আঞ্চলিক উৎসবগুলো থেকে বিজয়ী ৫৮০ জনকে নিয়ে বসবে জাতীয় উৎসবের এই আসর। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হবে সকাল আটটা থেকে। প্রচার সহযোগী হিসেবে এ বছর যুক্ত হয়েছে চ্যানেল নাইন।