আজ জাতীয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৭-এর জাতীয় উৎসব আজ শুক্রবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। দিনব্যাপী উৎসবে আরও থাকবেন এইচএসবিসির ডেপুটি সিইও এবং হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. মাহবুব উর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক লেখক আনিসুল হক, অধ্যাপক মাহবুবুল হক, দানীউল হক, বিশ্বজিৎ ঘোষ, ভীষ্মদেব চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বাংলা বিভাগের শিক্ষক, লেখক, গায়ক, জাদুকরসহ বিশিষ্টজনেরা। গান গাইবেন শিল্পী মিনার। এ বছর অনুষ্ঠিত ১২ অঞ্চলের উৎসবের ৭৪৪ জন বিজয়ী শিক্ষার্থী এ উৎসবে অংশ নেবে।

মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ১২ বছর ধরে এইচএসবিসি ও প্রথম আলো যৌথভাবে এ উৎসবের আয়োজন করে আসছে। তিন বছর ধরে গণসাক্ষরতা অভিযান এতে সহায়তা করছে। এ বছর ভাষা প্রতিযোগের ১৩তম আয়োজন। ১২ বছরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী এ উৎসবে অংশ নিয়েছে। এ বছর যুক্ত হলো আরও ১১ হাজার।