আজ জাতীয় কবির ১১৬তম জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তিনি নিজেই বলেছিলেন এক হাতে তাঁর বাঁশের বাঁশরী, আরেক হাতে রণতূর্জ। তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহী, তিনি গানের বুলবুল, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ ২৫ মে তাঁর ১১৬ম জন্মবার্ষিকী। বরাবরের মতোই আজ সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির কবরে যাবেন তাঁর অগণিত অনুরাগী। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে ঢেকে দেবেন তাঁর অন্তিম শয্যা।
সারা দেশে আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে উদ্যাপিত হবে নজরুলজয়ন্তী। কবি সারা জীবন তাঁর ক্ষুরধার লেখনীতে তুলে ধরেছেন সমাজের শোষণ-বঞ্চনার কথা। সোচ্চার হয়েছেন কুসংস্কার, ধর্মান্ধতা ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে। নির্ভীক চিত্তে গেয়েছেন মানবতা ও সাম্যের জয়গান। দারিদ্র্যের কশাঘাত সহ্য করেছেন, ভোগ করেছেন কারা নির্যাতন, নিপীড়ন। কিন্তু ব্যক্তিগত লোভ-লাভ-খ্যাতির মোহের কাছে কখনো আত্ম-বিক্রি করেননি। কবিতায় স্বতন্ত্র ভাষারীতি ও প্রচুর আরবি-ফারসি শব্দ ব্যবহার করে ভিন্ন আঙ্গিক সংযোজিত করেছিলেন। সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে।
অন্যদিকে মানবহৃদয়ের সুকুমার অনুভূতি প্রকাশিত হয়েছে অজস্র গানে। উত্তর ভারতীয় রাগসংগীতের দৃঢ় ভিত্তির ওপর রচনা করেছিলেন আধুনিক বাংলা গানের সৌধ। প্রবর্তন করেছিলেন বাংলা গজল। বাংলা গানকে তিনি দিয়েছেন নতুন মাত্রা।
মানুষকে তিনি জাগিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, শোষণের শৃঙ্খল ভাঙার আন্দোলনে। এখানেই তিনি সমকালের দাবি মিটিয়েও চিরকালীন।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্ম। পিতা কাজী ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। শৈশব থেকেই অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। জীবিকার দায়ে ঠেকেছিলেন শৈশবেই। লেটো দলের বাদক, রেল গার্ডের খানসামা, রুটির দোকানের শ্রমিক—এভাবেই পেরিয়ে গেছে তাঁর শৈশব-কৈশোর। পরে কাজ করেছেন সৈনিক হিসেবে। সাংবাদিকতা করেছেন। কাজ করছেন এইচএমভি ও কলকাতা বেতারে। ব্রিটিশবিরোধী আন্দোলনে পথে নেমেছেন। পাশাপাশি সাহিত্য সাধনা তো ছিলই। শাসকের কোপানলে পড়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কিন্তু নত হয়নি নজরুলের উচ্চশির।
কর্মসূচি: প্রতিবছরের মতো এবারও জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে নজরুলজয়ন্তী উদ্যাপিত হবে। এ বছরের মূল অনুষ্ঠান হবে কবির স্মৃতিবিজড়িত কুমিল্লায়। প্রতিপাদ্য ‘কুমিল্লায় নজরুল’। আজ বিকেল চারটায় কুমিল্লার টাউন হল চত্বরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। ‘নজরুল স্মারক’ বক্তব্য দেবেন অধ্যাপক শান্তনু কায়সার। এর আগে সকাল পৌনে সাতটায় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এ ছাড়া ঢাকাসহ জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল এবং চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় নজরুলজয়ন্তী উদ্যাপন করা হবে। ঢাকায় নজরুল ইনস্টিটিউট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমি, নজরুল একাডেমি স্মরণিকা ও পোস্টার প্রকাশ, কবির বইয়ের প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকালে কবির কবরে শ্রদ্ধা নিবেদন পর্বের আয়োজন করবে। চ্যানেল আই তাদের তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করবে প্রাঙ্গণে নজরুল মেলা। বিভিন্ন সংগঠন গ্রহণ করবে নিজ নিজ কর্মসূচি।
বাণী: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাঁর রচনা কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামে কবির রচনা এখনো আমাদের প্রেরণা জোগায়।