আজ জাতীয় টিকা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার সারা দেশে পালিত হবে ১৯তম জাতীয় টিকা দিবস। পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে আজ দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। আগামী ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডেও এ টিকা খাওয়ানো হবে। পোলিও টিকার পাশাপাশি রাতকানা রোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে আজ এক থেকে শুরু করে পাঁচ বছরের কমবয়সী শিশুদের একটি উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দ্বিতীয় রাউন্ডে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী টিকাকেন্দ্র ও ২০ হাজার অস্থায়ী এবং ভ্রাম্যমাণকেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্র সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। পৌর এলাকা ও সিটি করপোরেশনের কর্মজীবী মহিলা ও ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর সুবিধার্থে কোনো কোনো স্থানের টিকাকেন্দ্র সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত খোলা থাকবে। প্রতি রাউন্ডের বাদপড়া শিশুদের চার দিন ধরে খুঁজে বের করবেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা। জাতীয় টিকা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, বাংলাদেশের পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা ও পুনঃসংক্রমণ রোধ করতে দুই রাউন্ডে টিকা দিবস পালিত হচ্ছে।