আজ জানা যাবে কে পাচ্ছেন আওয়ামী লীগের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেতে এ পর্যন্ত ১৪ জন প্রার্থী আবেদন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন বর্তমান প্রশাসক ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। তবে কে সমর্থন পাচ্ছেন, তা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠেয় সংগঠনটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকের পর জানা যাবে। ১৯ সদস্যের এই বোর্ডের প্রধান দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, নির্দলীয় এই নির্বাচনে আবেদনকারীদের সম্পর্কে তথ্য নেওয়া শেষ হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা, দলের নানা সূত্র এবং বেসরকারি সংস্থা থেকে প্রধানমন্ত্রী তথ্য নিয়েছেন বলে কেন্দ্রীয় একজন নেতা জানিয়েছেন। আবেদনকারীদের সম্পর্কে তথ্য-উপাত্ত এবং জরিপ পর্যালোচনা করে অধিক গ্রহণযোগ্য একজনকে সমর্থন দেওয়া হবে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম গত বৃহস্পতিবার দলের সমর্থনের জন্য আবেদন করেন। তিনি টানা প্রায় পাঁচ বছর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান হতে আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদও। এই দুই প্রার্থী ছাড়া উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজউদ্দৌলা চৌধুরী ও সদস্য আবুল হাশেম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই সহসভাপতি আবুল কালাম চৌধুরী ও শামসুল হকও দলের সমর্থন পাওয়ার জন্য আবেদন করেছেন।
দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এবং উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম ছাড়া স্থানীয় রাজনীতিতে বাকি ১২ জনের পরিচিতি কম। এর ফলে দলীয় সমর্থন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন এই দুজন।
গত রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ ডিসেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বর্তমান আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠন করা হবে। চেয়ারম্যানসহ এই ২০ জন সদস্য নির্বাচন করবেন সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা। এই নির্বাচনে চট্টগ্রামে ভোটারের সংখ্যা দুই হাজার ৭৫০ জন বলে জেলা পরিষদের সচিব জানিয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান পদে দলের সমর্থন পেতে চট্টগ্রাম থেকে ১৪ জন আবেদন করেছেন। কিন্তু এর মধ্যে বর্তমান জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের মধ্যে যেকোনো একজন সমর্থন পেতে পারেন। এর ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, জেলা পরিষদ নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। তবে চট্টগ্রামসহ সারা দেশের আবেদনকারীরা আবেদনপত্রে নিজের জীবনবৃত্তান্ত সংযুক্ত করে দিয়েছেন। প্রত্যেকের ব্যাপারে বিভিন্ন সংস্থা এবং সংগঠন থেকে তথ্য-উপাত্ত এবং জরিপ সংগ্রহ করেছেন সভানেত্রী। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে অধিক গ্রহণযোগ্য ব্যক্তিকে সমর্থন দেওয়া হবে। চট্টগ্রামে ১৪ জন আবেদন করলেও বর্তমান প্রশাসক এম এ সালাম এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আলোচনায় আছেন।
এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা ৬টায় ১৯ সদস্যের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করবেন।