আজ মঙ্গলবার দেশব্যাপী জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি। এর অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে বেলা তিনটায় মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটির ঢাকা মহানগর কমিটি। ‘ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া, সরকারের জুলুম-নির্যাতন বন্ধ, দলের সব নেতা-কর্মীর মুক্তি, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহাল করার দাবিতে’ গত রোববার এ কর্মসূচি ঘোষণা করে জামায়াত।দলীয় সূত্র জানায়, আজ বায়তুল মোকাররমে সমাবেশ করতে না দিলে আবারও সারা দেশে হরতালের ডাক দেওয়া হতে পারে। দলের পক্ষ থেকে সে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। জামায়াতের নেতাদের ধারণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল বুধবার দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণা করতে পারেন। এ রায় সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়।ভারপ্রাপ্ত সেক্রেটারির বিবৃতি: গতকাল এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে সরকারের পৃষ্ঠপোষকতায় শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও তাদের অঙ্গসংগঠনের ক্যাডারদের সমবেত করে সরকার সারা দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। তিনি বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও মহাজোটের সাংসদেরা শাহবাগের সমাবেশের প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন, সরকারের পরিকল্পনায় ও পৃষ্ঠপোষকতায় এ সমাবেশ হচ্ছে।