আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস
আজ ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস-২০১৩। এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যানার, ফেস্টুন আর বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান। আজ শনিবার সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করা হবে। উপাচার্য মো. আনোয়ার হোসেন ও সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন পতাকা উত্তোলন করবেন। এরপর সেখান থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। বেলা ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে শুরু হবে আলোচনা ও সঞ্চৃতিচারণামূলক অনুষ্ঠান। তিনটায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পরিদর্শনের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় দিবসে সব হল অফিস এবং বিভাগ সারা দিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।