আজ জাহিদের অস্ত্রোপচার
সিরাজগঞ্জের শিশু জাহিদের জিব মুখ থেকে বের হয়ে থাকে। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আশরাফ উল হক এ তথ্য জানিয়ে বলেছেন, তার জিবের পাশাপাশি গলার কাছেও সামান্য ফোলা আছে। অস্ত্রোপচারের আগে অজ্ঞান করার পর বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নেবেন শুধু জিব না দুটোই অস্ত্রোপচার করা হবে। আশরাফ উল হক আশাবাদী, অস্ত্রোপচারের পর এক থেকে দেড় মাসের মধ্যে জাহিদ সুস্থ হয়ে যাবে।
মুখের বাইরে জিব নিয়েই জাহিদের জন্ম। আট বছর বয়সী জাহিদ এখন খুব অল্প সময়ের জন্য জিব মুখের ভেতরে রাখতে পারে—এতেই তার দমবন্ধ হয়ে আসে বলে জিব আবার বের করে ফেলে।
জাহিদের সঙ্গে সিরাজগঞ্জেরই আরেক শিশু সবুজেরও অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তবে পরিবার রাজি না হওয়ায় হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তির পরও সে পরিবারের সঙ্গে বাড়ি চলে গেছে।
এই দুই শিশুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত আসতে সহায়তা করে ফেসবুক। সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাস মানুষকে সহায়তা করতে বেছে নিয়েছেন ফেসবুকের দেয়াল। সেখানেই তিনি এই দুই শিশুকে নিয়ে পোস্ট দেন। তা চোখে পড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামের। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে কিছু করার নির্দেশ দেন।