আজ জেএমবি নেতা আসাদুলের ফাঁসি
খুলনা জেলা কারাগারে আজ রোববার রাতে জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকর করা হবে। ঝালকাঠির দুই বিচারক হত্যার দায়ে এ শাস্তি কার্যকর করা হবে।
কারাগার সূত্র জানায়, এক যুগ পর খুলনা কারাগারে কোনো দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। সর্বশেষ ২০০৪ সালের ১০ মে খুলনা জেলা কারাগারে এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করা হয়। আসাদুল ইসলাম ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছেন।
খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম বলেন, ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
২০০৫ সালের ১৪ নভেম্বর জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন। তাঁরা হলেন জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহমেদ ও জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে। আহত অবস্থায় ধরা পড়েন হামলাকারী জেএমবির সদস্য ইফতেখার হাসান আল মামুন।
এরপর পর্যায়ক্রমে জেএমবির শীর্ষস্থানীয় নেতারা আটক হন। আদালত ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন। গত ২৮ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ আসাদুল ইসলামের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন।