আজ ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছয় বছর পর আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সম্পাদকের গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন, তা নিয়ে দলের মধ্যে চলছে গুঞ্জন। তবে প্রকাশ্যে নেই কোনো গ্রুপিং-লবিং।
অবশ্য মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী মনে করেন, দলের প্রভাবশালী ওই দুটি পদে যাওয়ার জন্য আগ্রহী আছেন অনেকে। কিন্তু তাঁরা কেউ মুখ খুলতে চাইছেন না। যে কারণে পুরোনো কমিটিই আবারও থেকে যেতে পারে আশঙ্কা তাঁদের। তাঁরা অবশ্য পরিবর্তন দাবি করেছেন।
আজ শহরের প্রিয়া সিনেমা হলের পাশে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে সরব হয়ে উঠেছে সাংগঠনিক কর্মকাণ্ড। ছয়টি উপজেলায় বিএনপি নেতা-কর্মীরাও উজ্জীবিত।