আজ টঙ্গী উড়ালসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা-ঘোড়াশাল-ভৈরব সড়কের টঙ্গী রেলওয়ে জংশন-সংলগ্ন লেভেল ক্রসিংয়ের ওপর নবনির্মিত উড়ালসেতু আজ রোববার যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পরে তিনি টঙ্গী টেলিফোন শিল্প সংস্থার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।উড়ালসেতুটি গাজীপুরের প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নামে উৎসর্গ করা হয়েছে। ২০০৬ সালের ৭ মে ওই উড়ালসেতুর অদূরে রেলওয়ে জংশন-সংলগ্ন নিজ বাসভবনের কাছে সস্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান আহসান উল্লাহ মাস্টার।টঙ্গী রেলওয়ে জংশনটির অবস্থান ঢাকা-ঘোড়াশাল-ভৈরব সড়ক-সংলগ্ন হওয়ায় এখানে প্রচণ্ড যানজট হয়। উড়ালসেতু চালুর পর এ সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) গাজীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফকির আবদুর রব জানান, ৫৫০ মিটার দৈর্ঘ্যের এই উড়ালসেতু নির্মাণে ব্যয় হয়েছে ২০ কোটি ৮০ লাখ ৮৩ হাজার টাকা।