
এবার ঈদের ছুটির আগেই শুরু হচ্ছে ঘরমুখী মানুষের যাত্রা। গত রোববার ও গতকাল সোমবার কমলাপুর রেলস্টেশনে ১৭ ও ১৮ সেপ্টেম্বরের টিকিট পাননি অনেক যাত্রী। অথচ ঈদের অগ্রিম টিকিট দেওয়া হবে আজ মঙ্গলবার থেকে। আজ দেওয়া হবে ১৯ ও ২০ সেপ্টেম্বরের টিকিট।
টিকিট নিতে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ছুটি মাত্র তিন দিন হওয়ায় অনেকে আগে থেকেই বাড়ি ফিরতে শুরু করছেন। গতকাল কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, বিভিন্ন আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহের জন্য সকাল থেকেই অনেক মানুষ ভিড় করেছেন। গতকাল দেওয়া হচ্ছিল ১৮ সেপ্টেম্বর শুক্রবারের অগ্রিম টিকিট। গতকাল বেলা ১১টার মধ্যে চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন গন্তব্যের গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও প্রথম শ্রেণির টিকিট শেষ হয়ে যায়। বেলা দুইটার মধ্যে শেষ হয়ে যায় বেশির ভাগ ট্রেনের প্রায় সব টিকিট।
বেলা সোয়া ১১টার দিকে মালিবাগের বাসিন্দা একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা আকমল হোসেন প্রথম আলোকে বলেন, ঈদের ছুটি মাত্র তিন দিন। এ কারণে পরিবারকে আগামী শুক্রবার গ্রামে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সকাল প্রায় নয়টায় এসে লাইনে দাঁড়ালেও চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের টিকিট পাননি। এখন তিনি শোভন শ্রেণির টিকিটের জন্য অন্য কাউন্টারের লাইনে দাঁড়াবেন।
মিল ব্যারাকের বাসিন্দা কুদরতউল্লাহ গত দুই দিনই কমলাপুর স্টেশনে এসেছিলেন। রোববার এসে সিলেটের জয়ন্তিকার বৃহস্পতিবারের এসি বা প্রথম শ্রেণির টিকিট পাননি। গতকালও হতাশ হয়েছেন শুক্রবারের টিকিট সংগ্রহে। শান্তিনগরের বাসিন্দা আঞ্জুমান আরা বেগম বলেন, চট্টগ্রামগামী তূর্ণা নিশীথার বৃহস্পতি ও শুক্রবারের কাঙ্ক্ষিত টিকিট পাননি তিনি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও।
স্টেশন ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী বলেন, এবার একটু ব্যতিক্রম হচ্ছে, ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট দেওয়ার জন্য যে তারিখটি (১৯ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে, তার আগের দিনগুলোর টিকিটও শেষ হয়ে যাচ্ছে। কারণ, এবারের ঈদের ছুটি সংক্ষিপ্ত। তবে এসি বা প্রথম শ্রেণির টিকিট পাওয়া না গেলেও শোভন শ্রেণির টিকিটের লাইনে দাঁড়ানো বেশির ভাগ যাত্রীই পাচ্ছেন বলে দাবি করেন তিনি।
রেলওয়ে সূত্রে জানা যায়, আজ ১৫ সেপ্টেম্বর একযোগে ১৯ ও ২০ তারিখের, আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২১ তারিখের, ১৭ সেপ্টেম্বর ২২ তারিখের, ১৮ সেপ্টেম্বর ২৩ তারিখের, ১৯ সেপ্টেম্বর ২৪ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হবে।
বিআরটিসির অগ্রিম টিকিট বুধবার: ট্রেনের মতো বুধবার থেকে বিআরটিসির বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে। রাজধানীর কমলাপুর, কল্যাণপুর বাস ডিপোসহ বিআরটিসির বিভিন্ন কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি হবে বলে জানা গেছে।
বিআরটিসির সূত্র জানায়, ঈদ উপলক্ষে ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিআরটিসির প্রায় ৯০০ বাস চলাচল করবে। এর মধ্যে ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলবে ৫০০ এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলার মধ্যে চলবে ৪০০ বাস।