আজ ঠাকুরগাঁও মুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন ঠাকুরগাঁও মহকুমা পাকিস্তানি হানাদারমুক্ত হয়। দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নানা কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৭১ সালের মার্চেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঠাকুরগাঁওবাসী প্রতিরোধ গড়ে তোলে। ১৪ এপ্রিল পর্যন্ত পাকিস্তানি সেনারা ঠাকুরগাঁওয়ে ঢুকতে পারেনি। ১৫ এপ্রিল হানাদার বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শহরে ঢুকে পড়ে। ২ ডিসেম্বর মিত্রবাহিনীর সঙ্গে প্রচণ্ড গোলাগুলির পর পাকিস্তানি বাহিনী পিছু হটে। পরদিন ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী বিজয়ের বেশে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার (চলতি দায়িত্ব) মো. বদরুদ্দোজা ও উদীচীর জেলা সভাপতি সেতারা বেগম জানান, মুক্তিযোদ্ধা সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদ শোভাযাত্রা, শহীদ পরিবারকে সম্মাননা, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আজ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। বেলা ১১টায় যৌথভাবে মুক্তির শোভাযাত্রা বের করবে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠান হবে।
মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার ইব্রাহিম খান বলেন, ‘২ ডিসেম্বর রাতে গেরিলা বাহিনীর ১২টি দল চারদিক থেকে একযোগে আক্রমণ চালিয়ে অগ্রসর হই এবং হানাদারদের হটিয়ে ৩ ডিসেম্বর ভোররাতে পীরগঞ্জ মুক্ত করি।’