আজ ডিএনসিসির জনপ্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বিতরণের আগে ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার বেলা ১১টায় আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সভাপতিত্ব করবেন বলে বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে। এ ছাড়া চার নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজ, কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বৈঠকে উপস্থিত থাকবেন।
কমিশন সচিবালয়ের উপসচিব আবদুল অদুদ প্রথম আলোকে বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র দেশের বাইরে থাকায়
তাঁর সঙ্গে কবে বৈঠক হবে, তা ঠিক করা যায়নি। মেয়রের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হবে।
কার্যপত্রে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদের কাজে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া, মৃত্যুনিবন্ধন হালনাগাদ করা এবং শ্মশান ও গোরস্থান থেকে মৃত ব্যক্তিদের তালিকা সংগ্রহ করার বিষয়ে জনপ্রতিনিধিদের সহায়তা চাইবে ইসি। কমিশন জন্মসনদ দেওয়ার বিষয়ে জনপ্রতিনিধিদের সতর্ক থাকার অনুরোধ করবে। এ ছাড়া উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের বিষয়ে জনপ্রতিনিধিদের পরামর্শ নেবে। বৈঠকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা, জেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের হালনাগাদে ৬ লাখ ৯১ হাজার ৬০৬ জন মৃত ভোটার শনাক্ত হয়েছে। কিন্তু দেশের ১৬ কোটি জনসংখ্যার বিপরীতে বার্ষিক মৃত্যুর হার অনুযায়ী এ সংখ্যা ১২ থেকে ১৫ লাখ হওয়ার কথা। এ জন্য কমিশন জনপ্রতিনিধিদের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যে কমিশন সিটি করপোরেশনের বাইরে মৃত ভোটারদের শনাক্ত করতে গ্রামপুলিশকে দায়িত্ব দেওয়ার জন্য জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দিয়েছে। প্রত্যেক মৃত ভোটারের তথ্য সংগ্রহের জন্য গ্রামপুলিশকে ১০ টাকা করে দেওয়া হবে।