আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করবেন। এ উপলক্ষে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।এদিকে মেলা ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি-নিউমার্কেটের দিক থেকে মিরপুর রোড দিয়ে মেলায় ঢুকতে ঢাকা রেসিডেনসিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা থেকে গণভবন হাইস্কুল ক্রসিং ব্যবহার করতে হবে।গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশের এলাকা থেকে মেলায় ঢুকতে শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড দিয়ে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজের ফটক ব্যবহার করতে হবে। মেলায় ঢোকার আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-২ কার্যালয়ের সামনের মাঠে গাড়ি রাখা যাবে। পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশের এলাকা থেকে মেলায় ঢুকতে আগারগাঁও ক্রসিং পার হয়ে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজের ফটক ব্যবহার করতে হবে। বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলায় ঢুকতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআসিসি) ও নির্বাচন কমিশন সচিবালয়ের মাঝখানের রাস্তা ব্যবহার করতে হবে। সরকারি ছুটির দিনে মেলা চলার সময় খামারবাড়ি থেকে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিকশা, ভ্যান, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ফির বিনিময়ে ট্রাফিক পুলিশের নির্দেশিত স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যানবাহন নিয়ন্ত্রণে সরকারি ছুটির দিনে (শুক্র ও শনিবারসহ) আগারগাঁও লিংক রোড (নতুন রোড) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। এ ক্ষেত্রে আগারগাঁও সিগন্যাল ব্যবহার করতে হবে।মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নগরবাসীর সহায়তা কামনা করছে। প্রয়োজনে বাণিজ্য মেলা প্রাঙ্গণে অবস্থিত ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের মুঠোফানে (০১৭৪৫২৯২৩৯২) যোগাযোগ করতে বলা হয়েছে।