আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন ২০১০ এরিয়ার বকেয়ার তৃতীয় কিস্তি পরিশোধে সরকার তিনবার ব্যর্থ হওয়ার পর গতকাল শনিবার বিজেএমসির নিয়ন্ত্রণাধীন সীতাকুণ্ডের চারটি পাটকলের মধ্যে তিনটি পাটকল ও একটি যন্ত্রাংশ তৈরির কারখানায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকেরা।
আজ রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণাও করে। সীতাকুণ্ডের বিভিন্ন পাটকল কারখানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে নিজ নিজ কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। পরে কারখানাগুলোর প্রধান কার্যালয় ঘেরাও করে শ্রমিক নেতারা বক্তব্য দেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ সমন্বয় পরিষদ বাংলাদেশের আহ্বায়ক ও হাফিজ জুট মিলস লিমিটেড সিবিএ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেন, আগামীকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। যদি তাতেও সরকারের টনক না নড়ে তাহলে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। গুল আহমঞ্চদ জুট মিলসের সিবিএ সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘আমাদেরও আন্দোলনের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু সিরিয়া থেকে ক্রেতা কারখানা পরিদর্শনে আসার কারণে আমরা আজকের আন্দোলনে অংশগ্রহণ করিনি। কাল থেকে যথারীতি কেন্দ্র ঘোষিত আন্দোলনে অংশগ্রহণ করব।’
এ ব্যাপারে চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুুলিশ সুপার (ইন্টেলিজেন্স) আবুল কাসেম বলেন, শ্রমিকেরা কারখানার ভেতরেই আন্দোলন করেছে। পুলিশ সতর্ক অবস্থানে থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ সমন্বয় পরিষদ বাংলাদেশ সূত্রে জানা যায়, মজুরি কমিশন ২০১০-এর বকেয়া টাকা সরকার চার কিস্তিতে শ্রমিকদের কাছে পরিশোধ করা কথা ছিল। যথাসময়ে সরকার দুটি কিস্তি পরিশোধও করে। তৃতীয় কিস্তি পরিশোধের কথা ছিল চলতি বছরের ৩১ জুলাই। অর্থ সংকটের কারণে ওই তারিখে ব্যর্থ হয়ে ৫ আগস্ট বিজেএমসি কেন্দ্রীয় কার্যালয়ে সিবিএর নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির পরিচালক ও চেয়ারম্যানের বৈঠকে ৩১ আগস্টের মধ্যে তৃতীয় কিস্তি পরিশোধের সিদ্ধান্ত হয়। এদিকে ২৭ আগস্ট অপর একটি বৈঠকে বকেয়া কিস্তিটি নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে না বলে জানিয়ে ৫ সেপ্টেম্বর পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। সে হিসাবে গত বৃহস্পতিবার তৃতীয় কিস্তি পরিশোধের শেষ দিন পরিশোধ করতে পারেনি।