আজ ঢাকা নিয়ে আঁকা ছবির প্রদর্শনী
রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার বিকেল পাঁচটায় গ্যালারি চিত্রকে ‘শিল্পীর চোখে ঢাকা ১৭৮৯-১৯৪৭’ শীর্ষক এক প্রদর্শনী শুরু হচ্ছে। আয়োজক প্রথম আলো ও গ্রামীণফোন। এই প্রদর্শনীতে থাকছে আঠারো, উনিশ ও বিশ শতকে ঢাকা নিয়ে দেশি-বিদেশি শিল্পীর আঁকা ছবির আলোকচিত্র। সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ধানমন্ডির ৬ নম্বর সড়কের গ্যালারি চিত্রক প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম ও গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবীর।উল্লেখ্য, রাজধানী হিসেবে ঢাকার ৪০০ বছর পূর্তিতে প্রথম আলো ও গ্রামীণফোনের ছিল নানা আয়োজন। এর অংশ হিসেবে ইতিমধ্যে প্রথমা প্রকাশন থেকে শিল্পীর চোখে ঢাকা ১৭৮৯-১৯৪৭ নামে শামীম আমিনুর রহমানের একটি দ্বিভাষিক সংকলন প্রকাশিত হয়েছে। ঢাকার জানা-অজানা ১০০ চিত্রের এই সংকলন একুশে বইমেলায় প্রথমা প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে। এই সংকলনের নির্বাচিত ৫০টি ছবি স্থান পাচ্ছে পাঁচ দিনের এই প্রদর্শনীতে।বেশ কিছু দুর্লভ ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। শিল্পীদের মধ্যে রয়েছেন ফ্রান্সিসকো রেনাল্ডি, রবার্ট হোম, চার্লস ড’য়লি, জর্জ চিনারি, জোসেফ স্কট ফিলিপস, ফেডেরিক উইলিয়াম আলেক্সান্ডার ডি ফেবেক, হেনরি ব্রিজেস মোলসওয়ার্থ, আর্থার লয়েড ক্লে প্রমুখ। এ ছাড়া অজ্ঞাত শিল্পীর আঁকা নয়নাভিরাম ‘প্যানোরমা অব ঢাকা’ সিরিজের তিনটি ছবি প্রদর্শিত হবে।প্রদর্শনী শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।