আজ ঢাকায় আসছেন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ
জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ তিন দিনের সফরে আজ সোমবার দুপুরে ঢাকায় আসছেন। তাঁর এ সফরের সময় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৬ সালের পর এই প্রথম কোনো জার্মান প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করছেন। ঢাকা সফরের সময় ক্রিস্টিয়ান ভুল্ফ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তাঁদের আলোচনায় টেকসই উন্নয়নের স্বার্থে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা উদ্যোগের পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তার বিষয়গুলো প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আজ দুপুরে একটি বিশেষ বিমানে ঢাকায় আসবেন জার্মান প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী, ক্রিস্টিয়ান ভুল্ফ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য দেবেন। এ ছাড়া সন্ধ্যায় তিনি রাজধানীর একটি হোটেলে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন।