আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ অভিবাসন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের শরণার্থী ও অভিবাসন ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা এরিক পি শোয়ার্জ শরণার্থী ও অভিবাসন-সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সফরের সময় শোয়ার্জ ঢাকা ও কক্সবাজারে সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। কক্সবাজার জেলায় দুটি সরকারি শিবিরে ২৯ হাজারেরও বেশি নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। মার্কিন সরকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের এবং স্থানীয় গোষ্ঠীগুলোকে মানবিক সহায়তা দিয়ে থাকে। এসব সহায়তার মধ্যে আছে স্বাস্থ্য ও পুষ্টিসেবা, পানি ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা, শিশুদের জন্য শিক্ষা কর্মসূচি, কারিগরি প্রশিক্ষণ এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ যন্ত্রপাতি ও বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি।বাংলাদেশে এ ধরনের মানবিক সহায়তা ছাড়াও মার্কিন সরকার এ বছরের মার্চে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ ডলার সাহায্য দিয়েছে। উত্তরাঞ্চলীয় আফ্রিকায় রাজনৈতিক ডামাডোলের কারণে আটকে পড়া বাংলাদেশের হাজারও অভিবাসী শ্রমিককে দেশে ফিরিয়ে আনতে এই সহায়তা দেওয়া হয়।