আজ ঢাকায় আসছেন যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত র্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র্যাপ আজ সোমবার চার দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ সফরের সময় তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্টিফেন র্যাপ পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সরকার যুদ্ধাপরাধের বিচারে যে উদ্যোগ নিয়েছে, সে ব্যাপারে মার্কিন সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র্যাপ বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকা সফর করবেন। এ সময় তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যুদ্ধাপরাধ বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও মতবিনিময় করবেন।যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূত (অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ) পদে নিয়োগ পাওয়া র্যাপ ২০০৭ সালের জানুয়ারি থেকে সিয়েরা লিওনের বিশেষ আদালতের আইনজীবী হিসেবে কাজ করেছেন। সিয়েরা লিওনের আইনজীবী থাকার সময় তিনি সে দেশের গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত জঘন্য অপরাধের জন্য দায়ী লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলর ও অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী দলের নেতৃত্ব দেন।রাষ্ট্রদূত র্যাপকে প্রেসিডেন্ট ওবামা যুদ্ধাপরাধবিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ নিযুক্ত করেন এবং সিনেটের অনুমোদনের পর তিনি ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর এ পদ গ্রহণ করেন। ১৩ জানুয়ারি স্টিফেন র্যাপের ঢাকা ছাড়ার কথা রয়েছে।