আজ ঢাকায় ট্যাক্সি নামছে না এবার সময়সীমা বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী গত মাসে ঘোষণা করলেও আজ সোমবার পয়লা বৈশাখে ঢাকায় ট্যাক্সিক্যাব নামছে না। তবে বৈশাখ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বল্প পরিসরে এই সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে চাইলে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেবার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সময় প্রার্থনা করা হয়েছে।’ কবে নাগাদ ট্যাক্সিক্যাব চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৈশাখের মধ্যে তো অবশ্যই।’
ট্যাক্সিক্যাবের ঘোষিত ভাড়া পরিবর্তন হবে কি না, জানতে চাইলে এম এ এন সিদ্দিক বলেন, ‘সবকিছু আগের অবস্থাতেই আছে। পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’
প্রস্তাবিত ভাড়া বহাল থাকলে প্রথম দুই কিলোমিটারের ভাড়া হবে ১০০ টাকা। অর্থাৎ ট্যাক্সিক্যাবে উঠলেই ১০০ টাকা গুনতে হবে যাত্রীদের। সম্প্রতি সচিব এম এ এন সিদ্দিক নিজেও এ ভাড়া বেশি বলে স্বীকার করেন।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত মাসে বলেছিলেন, পয়লা বৈশাখ ঢাকায় নতুন ট্যাক্সিক্যাবের যাত্রা শুরু হবে।
তমা কনস্ট্রাকশন লিমিটেড ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট নামে দুটি প্রতিষ্ঠান ঢাকা ও আশপাশে ৫০০ ট্যাক্সিক্যাব নামাবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে এই দুটি প্রতিষ্ঠানের গত বছর জুলাই মাসে চুক্তি হয়। চার মাসের মধ্যে ট্যাক্সিক্যাব নামানোর কথা থাকলেও প্রতিষ্ঠান দুটি তা পারেনি। তবে ২০১০ সালের নীতিমালার আওতায় (যখন ভাড়ার হার কম ছিল) চুক্তি সইয়ের পর ভাড়া বাড়ানোর আবেদন করে তারা। এর পরিপ্রেক্ষিতে বিআরটিএর ভাড়া বাড়ানোর প্রস্তাব আন্তমন্ত্রণালয় সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। এর নৈতিকতা ও যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিআরটিএ সূত্র জানিয়েছে, তমা ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট মিলে ইতিমধ্যে ৪৬টি ট্যাক্সিক্যাব আমদানি করেছে। এখন সেগুলোর নিবন্ধনের প্রক্রিয়া চলছে। প্রস্তাবিত ভাড়া কমানোর বিষয়েও আলোচনা আছে সরকারের বিভিন্ন মহলে।
পুরোনো মালিক-শ্রমিকদের দাবি: এদিকে গতকাল দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর ট্যাক্সিক্যাব মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটি মেয়াদ শেষ হয়ে আসা পুরোনো ট্যাক্সিক্যাবের স্থলে নতুন ট্যাক্সিক্যাব নামানোর সুযোগ দেওয়ার দাবি জানায়।