আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।ইলিয়াস আলীসহ বিরোধী দলের গুম হওয়া নেতাদের সন্ধান দিতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং বিরোধী দলের নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ করা হবে।এ ছাড়া গুম হওয়া বিএনপির নেতা ইলিয়াস আলীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ২১ এপ্রিল সারা দেশে বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। একই দাবিতে ২০ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হবে। গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এ কর্মসূচির ঘোষণা করেন।১৭ এপ্রিল ইলিয়াস আলী গুম হওয়ার এক বছর পূর্ণ হলো। সংবাদ ব্রিফিংয়ে শামসুজ্জামান বলেন, ইলিয়াস আলী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। সরকার ইলিয়াস আলীকে পথের কাঁটা মনে করে গুম করেছে। তিনি অভিযোগ করেন, বিএনপি ও ১৮-দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের উদ্ভট ও সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে তাঁদের জামিন নামঞ্জুর করে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হচ্ছে। রিমান্ডের নামে তাঁদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে।