আজ ঢাকায় শুরু হচ্ছে গ্যাভির বোর্ড সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশনের (গ্যাভি) বোর্ড সভা। টিকা উৎপাদন, সংরক্ষণ, মূল্য নির্ধারণ ও বিতরণ নিয়ে নীতিনির্ধারণী আলোচনা হবে এই সভায়।সভার আগে গতকাল সোমবার গ্যাভি প্রতিনিধিদল গাজীপুরের বিভিন্ন এলাকায় কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে টিকাদান-প্রক্রিয়া এবং টিকা সংরক্ষণ পদ্ধতি সরেজমিনে ঘুরে দেখে। গ্যাভির বোর্ড সদস্য বিল রোডির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরেজমিনে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একই উপজেলার বরমী ইউনিয়নের ডালেশহর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। বরমীতে একটি বাড়িতে ব্র্যাক পরিচালিত উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারীদের সঙ্গে কথা বলেন বিল রোডি। গ্যাভি হচ্ছে জেনেভাভিত্তিক সরকারি-বেসরকারি অংশীদারির যৌথ স্বাস্থ্য উদ্যোগ। পৃথিবীর ধনী দেশগুলোর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিশ্বব্যাংকের অংশীদার, বিভিন্ন গবেষণা ও কারিগরি প্রতিষ্ঠানসহ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান এর সদস্য। যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনও এর সদস্য। এই যৌথ উদ্যোগের আর্থিক সহায়তায় এশিয়া ও আফ্রিকার অনেক দেশের লাখ লাখ শিশু বিনা মূল্যে টিকা পায়। বাংলাদেশেও গ্যাভির সহায়তা আছে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় কমিশন, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের পাশাপাশি উন্নয়নশীল বিশ্বের বলিভিয়া, শাদ, রুয়ান্ডা ও ইয়েমেনের প্রতিনিধিরা বোর্ড সভায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিশ্বব্যাংক এবং গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিরাও ঢাকায় এসেছেন। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ১০০ জনের বেশি প্রতিনিধি এই সভায় যোগ দিচ্ছেন। বাংলাদেশ এই সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। সভা শেষ হবে ১৭ নভেম্বর।