আজ ঢাকায় 'বাঘ' নামছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাঘ সুরক্ষায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট l ছবি: প্রথম আলো
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাঘ সুরক্ষায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট l ছবি: প্রথম আলো

‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব’—এ স্লোগান সামনে রেখে সুন্দরবনের বেঙ্গল টাইগার রক্ষায় গতকাল বৃহস্পতিবার থেকে দুই বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বাঘ প্রকল্পের মাধ্যমে বন বিভাগের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়েছে। এটি বাস্তবায়ন করছে বন্য প্রাণীবিষয়ক বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম। গতকাল রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের আওতায় সারা দেশে ১০০টি স্থানে ঘুরবে বাঘের আকৃতিতে তৈরি বাস ‘টাইগার ক্যারাভ্যান’।
বাঘ, হরিণ ও কুমিরের ভাস্কর্য এবং বিশাল আকৃতির চিত্রকর্মের সাহায্যে ওই ক্যারাভ্যানে সুন্দরবনের পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। ক্যারাভ্যানটি বাঘ সুরক্ষাবিষয়ক বিভিন্ন প্রদর্শনী ও পথনাটকের আয়োজন করবে। এ ছাড়া জনপ্রিয় শিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং ক্রিকেটারদের নিয়ে নানা অনুষ্ঠানও থাকবে।
আয়োজকেরা জানান, সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে বাঘ ও সুন্দরবন বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খ্যাতনামা শিল্পীদের চিত্রাঙ্কন ও প্রদর্শনী, লোকসংগীত এবং জলের গান ও লালন ব্যান্ড দলের পরিবেশনা থাকবে।
গতকাল এ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘টাইগার টক’ নামে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, সর্বশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা গণনা করা হয়েছে ১০৬টি। এখন সুন্দরবনে কটি বাঘ আছে, তা জানতে আগামী অক্টোবর থেকে আবারও বাঘশুমারি শুরু হতে যাচ্ছে।
আলোচনায় আরও অংশ নেন পরিবেশ ও বনসচিব কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট, ইউএসএইড বাংলাদেশের মিশন পরিচালক জেনিনা জেরুজেলস্কি, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বাঘ প্রকল্পের পরিচালক এবং বন বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জহির আহমেদ।
বাঘ রক্ষার ওই প্রচারাভিযানে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজী টিভি, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, এবিসি রেডিও ও কিশোর আলো।