আজ তথ্য জানার অধিকার দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন কার্যকর থাকলেও সরকার সম্প্রতি জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ একাধিক বেসরকারি সংস্থা বলছে, এই নীতিমালা আইনটির সঙ্গে সাংঘর্ষিক।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন গত মেয়াদে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যাদেশ ২০১৩ (সংশোধিত)’ জারি করে। এরও কিছু ধারা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে, যা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং তথ্য অধিকার আইন, ২০০৯-এর পরিপন্থী বলে মনে করে তথ্য অধিকার ফোরাম। এ ছাড়া এখনো বিভিন্ন সরকারি দপ্তরে মানুষ সহজেই তথ্য পায় না। অনেক দপ্তর তথ্য দেয়ও না।

এ রকম পরিস্থিতি নিয়ে আজ রোববার পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস। ২০০২ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও তথ্য কমিশন এবং বেসরকারি সংগঠন মিলিতভাবে দিবসটি পালন করছে।

তথ্য অধিকার ফোরাম গতকাল শনিবার এক বিবৃতিতে জাতীয় সম্প্রচার নীতিমালা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যাদেশের (সংশোধিত) কথা উল্লেখ করে আইনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান থেকে সরে গিয়ে জনবান্ধব ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন বেসরকারি সংগঠন আজ তথ্য অধিকার নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে। সকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে শোভাযাত্রা শেষ হওয়ার কথা। সকাল সাড়ে ১০টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে বলেছেন, তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তথ্য জানা মানুষের অন্যতম অধিকার।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বলেন, তথ্য জনগণের ক্ষমতায়নের হাতিয়ার। দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে তথ্য অধিকারের গুরুত্ব অপরিসীম।