
ফুল ও উপহারে ভরে উঠত নূরজাহান বেগমের নারিন্দার বাসা। বেগম পত্রিকার লেখিকারা, পাড়াপড়শি, মহিলা সমিতির সদস্যরা আসতেন তাঁর জন্মদিনের উৎসবে। তিনি কেক কাটতেন, স্নেহভাজন স্বজনেরা তাঁকে শোনাতেন গান। নূরজাহান বেগমের বড্ড ইচ্ছে ছিল, তাঁর একটি জন্মোৎসবের আয়োজন হোক জাতীয় প্রেসক্লাবে। জীবিত থাকলে এ বছরই সেই ইচ্ছে পূরণ হতো। তা ছাড়া নূরজাহান বেগমের এই জন্মদিনে তাঁকে চমকে দিতে চেয়েছিলেন নাতনি প্রিয়তা ইফতেখার। তাঁকে নিয়ে নির্মাণ করেছিলেন ১৫ মিনিটের একটি তথ্যচিত্র।
নূরজাহান বেগমের ৯১তম জন্মবার্ষিকী আজ। গত ২৩ মে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর এটাই তাঁর প্রথম জন্মদিন। বাংলার নারী সমাজের অন্যতম আলোকবর্তিকা হয়ে থাকবেন তিনি। একজন সাধারণ নারী হিসেবে নূরজাহান বেগমের জীবনযাপন কেমন, সেটাই তথ্যচিত্রে তুলে ধরতে চেয়েছেন তাঁর নাতনি। আজ সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে তথ্যচিত্র ইতিহাসের কিংবদন্তি নূরজাহান বেগম। তথ্যচিত্রটি সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে চ্যানেল আইতে।
তথ্যচিত্র ধারণে নূরজাহান বেগমের অজান্তেই ঘরে চালিয়ে রাখা হয়েছিল তিনটি ক্যামেরা। টানা তিন দিন ধারণ করা হয়েছে অসাধারণ এই নারীর সাধারণ জীবনের চিত্র—সকালে ঘুম থেকে জেগে ওঠা থেকে আবার ঘুমুতে যাওয়া পর্যন্ত। প্রিয়তা নূরজাহান বেগমের সাধারণ অথচ অনিন্দ্যসুন্দর জীবনযাপন দেখাতে চেয়েছেন বর্তমান প্রজন্মকে। বিবিসিতে একবার তাঁকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হলো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ সেখানে মন্তব্য করলেন। এক বাঙালি লিখেছিলেন, তিনি যদি পশ্চিমা বিশ্বের কেউ হতেন, তাহলে তাঁকে নিয়ে তুমুল আলোচনা হতো। তাঁকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। প্রিয়তা বললেন, নানিকে নিয়ে বৃহৎ পরিসরে কাজ করতে চান তিনি। সে ক্ষেত্রে তথ্যচিত্রই সব থেকে ভালো উপায়। নানির জীবনের ওপর তথ্যচিত্র নির্মাণ করতে প্রায় ১৮ ঘণ্টার ফুটেজ নিতে হয়েছে তাঁকে। সেখান থেকে মাত্র ১৫ মিনিট দেখানো হবে প্রদর্শনীতে। এরপর সবার মন্তব্য ও পরামর্শ নিয়ে তথ্যচিত্রটি ৪০ মিনিট করা হবে।
সেটি দেখানো হবে আন্তর্জাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে। নিজের ঘরের মানুষকে ক্যামেরায় তুলে আনা একটা চ্যালেঞ্জ ছিল। সাধারণ সুতি শাড়ি পরে যে মানুষ রান্না করছেন, সবার দেখভাল করছেন, তাঁকে তুলে ধরা কঠিন কাজ। প্রিয়তা বলেন, ‘যখন তাঁকে নিয়ে পড়তে শুরু করলাম, বিস্মিত হলাম তাঁর কর্মপরিধি দেখে। আমাদের প্রজন্ম তাঁকে জানে না। বহু কষ্টে নানিকে রাজি করিয়ে কাজটা শুরু করা গেল। কিন্তু তথ্যচিত্রটি তাঁকে দেখানো হলো না। আমি এখনো ভাবতে চাই না যে তিনি নেই।’ পড়াশোনা শেষ করে চলচ্চিত্রে কাজ করবেন প্রিয়তা। তিনি মনে করেন, তাঁর নানির মতো একজন নারীবাদী এ দেশের চলচ্চিত্র অঙ্গনে প্রয়োজন।
নূরজাহান বেগম নাতনিতে বলেছিলেন, ‘আমি তোমার সাকসেস দেখে যেতে চাই। প্রশিক্ষিত অভিনয়শিল্পী আমাদের এখানে কম। ব্যতিক্রমী কিছু করো, পরিচালনা করো।’
তথ্যচিত্রটির নির্বাহী প্রযোজক রাজু আলীম বলেন, ‘এটা অল্প সময়ে করা একটা টিমওয়ার্ক। আমরা তাঁকে নিয়ে ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করেছি। কাজটার সঙ্গে প্রিয়তার নিজস্ব আবেগ জড়িয়ে গেছে বলে এটি আরও অন্য রকম হয়েছে।’ তথ্যচিত্রটি নির্মাণে সহায়তা করেছে চ্যানেল আই।