সারা জীবন পরিচিত-অপরিচিত কত মানুষকে কতভাবেই না সাহায়তা করেছেন। সহকর্মীরা তাঁর এই স্বভাবের জন্য মাঝেমধ্যে বিরক্তও হতেন। কিন্তু অসুস্থতার সময় সামান্য সহানভূতিও ওষুধের মতোই কাজ করে বলে মনে করতেন তিনি। তাঁর এই গুণের কথাই এখন সহকর্মীদের সবচেয়ে আগে মনে পড়ছে। কারণ সেই মানুষটির নিজেরই এখন সহানুভূতি দরকার।তিনি একজন মেডিকেল টেকনোলোজিস্ট (ল্যাবরেটরি)। নাম মো. ফরিদ আহম্মেদ। বয়স ৫০। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে কাজ করেন। চার বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। এখন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। দুটি কিডনিই নষ্ট। এক দিন পর পর ডায়ালাইসিস দিতে হচ্ছে। ফরিদ আহম্মেদের বাড়ি বরিশালের হিজলা উপজেলার হোগলটরি গ্রামে। তাঁর স্ত্রী জানান, গ্রামের জমিজমা বিলীন হয়ে গেছে নদীভাঙনে। তিন সন্তানের কেউই স্বাবলম্বী নয়। বড় মেয়ে পড়ছেন স্নাতক প্রথম বর্ষে। মেজো মেয়ে নবম, ছোট মেয়ে তৃতীয় শ্রেণীতে। তাঁরা এখন পর্যন্ত সংক্রামক ব্যাধি হাসপাতালের কোয়ার্টারে থাকছেন। তবে ফরিদের কিছু হয়ে গেলে পথে বসতে হবে। কেউ হাত বাড়ালেই বেঁচে থাকার সাহস পাবেন ফরিদ। স্বস্তি পাবে তাঁর মেয়েরা। ফরিদ আহম্মেদ, সঞ্চয়ী হিসাব নম্বর-০০০০১০০০৫৮৮৫১, অগ্রণী ব্যাংক, আইসিডিডিআরবি শাখা, মহাখালী, ঢাকা।