আজ তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৩ জুলাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী। ১৯২৫ সালের এই দিনে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে তাঁর জন্ম হয়। তাজউদ্দীন আহমদ বাংলাদেশের রাজনীতিতে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততা ও আদর্শবাদের এক অনন্য প্রতীক।
তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্যালারি টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনভিত্তিক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১টায় অধ্যাপক আনিসুজ্জামান গ্যালারির নিজস্ব প্রদর্শনীকক্ষে (তাজ-লিলি গ্রিন, ৭৫১ সাতমসজিদ সড়ক, ধানমন্ডি) এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনী আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
তাজউদ্দীন আহমদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত হন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে এ দেশে ভাষার অধিকার, অর্থনৈতিক মুক্তি এবং সাম্প্রদায়িকতাবিরোধী যত আন্দোলন হয়েছে তার প্রতিটিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ছাত্রলীগ ও আওয়ামী লীগের গঠন-প্রক্রিয়ার মূল উদ্যোক্তাদের একজন তিনি। একই ধারাবাহিকতায় ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই বছরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তিসনদ ৬ দফা ঘোষণা করেন। ৬ দফার অন্যতম রূপকার ছিলেন তাজউদ্দীন আহমদ।
স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব নেন। আদর্শ ও নীতিগত প্রশ্নে বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭৪ সালের ২৬ অক্টোবর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাজউদ্দীন আহমদকে গৃহবন্দী করে। ৩ নভেম্বর আরও তিন জাতীয় নেতার সঙ্গে জেলখানার অভ্যন্তরে তাঁকে হত্যা করা হয়। বিজ্ঞপ্তি