আজ তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজউদ্দীন আহমদ
তাজউদ্দীন আহমদ

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী আজ। ১৯২৫ সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের রাজনীতিতে মেধা, যোগ্যতা, সততা ও আদর্শবাদের এক অনন্য প্রতীক।
জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবনীভিত্তিক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তাজউদ্দীন আহমদ স্মৃতি সংসদ। আজ শনিবার বিকেল পাঁচটায় ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উদ্বোধনের পর প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
তাজউদ্দীন আহমদের শ্রেষ্ঠ কীর্তি ১৯৭১ সালে চরম সংকটময় মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে সফল ভূমিকা পালন।
স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব নেন। ১৯৭৪ সালের ২৬ অক্টোবর তিনি মন্ত্রিসভা থেকে সরে যান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ক্ষমতা দখলকারী ঘাতক চক্র সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাজউদ্দীন আহমদকে গৃহবন্দী করে। পরে জেলখানায় বন্দী থাকা অবস্থায় তাঁকেসহ আরও তিন জাতীয় নেতাকে একই বছরের ৩ নভেম্বর ওই ঘাতকেরা নিষ্ঠুরভাবে হত্যা করে। বিজ্ঞপ্তি।