আজ তারেক মাসুদ ও মিশুক মুনীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ আগস্ট। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কাগজের ফুল চলচ্চিত্রের শুটিংয়ের স্থান দেখে ঢাকায় ফেরার পথে ঘিওর উপজেলার জোকা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে তারেক মাসুদ স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে তারেক মাসুদের তিনটি চলচ্চিত্র মাটির ময়না, মুক্তির গান ও অন্তর্যাত্রা প্রদর্শিত হয়। আজ বিকেল চারটায় প্রদর্শিত হবে রানওয়ে চলচ্চিত্রটি। এ ছাড়া সন্ধ্যা ছয়টায় তারেক মাসুদসহ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সন্ধ্যা সাড়ে ছয়টায় স্মরণ বক্তৃতা ও সন্ধ্যা সাতটায় প্রসূন রহমান পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ফেরা প্রদর্শিত হবে। ‘তারেক মাসুদের প্রাসঙ্গিকতা: বাংলাদেশের চলচ্চিত্র এবং চলচ্চিত্রচর্চা’ বিষয়ক এই স্মরণ বক্তৃতা দেবেন চলচ্চিত্র গবেষক জাকির হোসেন রাজু ও ফাহমিদুল হক।
দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আজ সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এ ছাড়া কাল বৃহস্পতিবার বিকেল চারটায় টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে।