আজ তাহের দিবস
আজ বৃহস্পতিবার ২১ জুলাই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) আবু তাহেরের ৩৫তম মৃত্যুবার্ষিকী। ৩৪ বছর আগে আজকের দিনে গোপন সেনা আদালতের আদেশে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।কর্নেল তাহের সংসদ ও জাসদসহ এর বিভিন্ন অঙ্গসংগঠন এ দিনটিকে ‘কর্নেল তাহের দিবস’ হিসেবে পালন করে থাকে। এবারও দিবসটি ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে পালন করা হচ্ছে। তাহের সংসদ আদালতের নির্দেশ অনুযায়ী দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।কর্নেল তাহের সংসদ আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনার আয়োজন করেছে। বিশিষ্ট মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ এতে প্রধান আলোচক থাকবেন। সাংসদ হাসানুল হক ইনুসহ বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন।কর্নেল তাহের সংসদের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, এবারের তাহের দিবস জাতির সামনে নতুন তাৎপর্য বহন করছে। উচ্চ আদালত তাহের হত্যা-পূর্ববর্তী বিচার-প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছেন। উচ্চ আদালত বিচারের নামে তাহেরের ফাঁসি এবং অন্যদের দণ্ড বেআইনি ঘোষণা করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তাহের হত্যার প্রতিবাদকারী সেনা ও বেসামরিক নাগরিকদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন।দিবসটি উপলক্ষে তাহের সংসদ রাষ্ট্র ও সরকারপ্রধানকে বাণী প্রদান, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং তাহের স্মরণে ডাকটিকিট প্রকাশের দাবি করেছে।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) কর্মসূচিতে রয়েছে, ভোর ছয়টায় দলের পতাকা অর্ধনমিতকরণ, সকাল আটটায় নেত্রকোনার কাজলস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা।