পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতিতে আজ মঙ্গলবার থেকে অভিযান শুরু হচ্ছে। অভিযানে ঝুঁকিপূর্ণ বসতি থেকে পর্যায়ক্রমে পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘পাহাড় ব্যবস্থাপনা কমিটি’র ১৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগীয় কমিশনার রুহুল আমীন এতে সভাপতিত্ব করেন।
সভায় রুহুল আমীন বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ ওয়াসা, কর্ণফুলী গ্যাস ও পিডিবি ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর বসতিতে মঙ্গলবার (আজ) থেকে পর্যায়ক্রমে সংযোগ বিচ্ছিন্ন শুরু করবে। বর্ষার আগেই যাতে স্বল্প আয়ের মানুষ বসতি ছেড়ে চলে যায়, সে জন্য এসব সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।
পাহাড় ব্যবস্থাপনা কমিটি দুই বছর আগে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে ৩০টি ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করে। এসব পাহাড়ে অভিযান চালানো হবে। বারবার অভিযানের কারণে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা আগের চেয়ে কমেছে বলে সভায় উল্লেখ করেন রুহুল আমীন।
বিভাগীয় কমিশনার বলেন, সীতাকুণ্ডের জঙ্গল ও সলিমপুরের পাহাড়ে গড়ে ওঠা অবৈধ বসতি সরিয়ে তাদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।
২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জন নিহত হয়। এরপর পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। গত মার্চের শেষ সপ্তাহেও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নগরের মতিঝর্না এলাকার পাহাড়ে গিয়ে ঝুঁকিপূর্ণ বসতিতে অভিযান চালান।
কমিটির ১৬তম সভায় গতকাল অন্যদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের নগর এলাকার পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মাসুদ করিম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।