আজ থেকে আ.লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার শুরু হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম। সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে প্রথম মনোনয়নপত্রটি কিনবেন।
জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনের জন্য আমরা প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র কিনব। এর মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।’
গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা গেছে, মনোনয়নপত্র বিক্রি ও জমা উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতা-কর্মীদের আপ্যায়নের জন্য করা হয়েছে দলীয় প্রতীক নৌকার আদলে প্যান্ডেল। কেন্দ্রীয় কার্যালয়কে ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে।
মনোনয়নপত্র বিক্রি-প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন করতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে আহ্বায়ক ও উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসকে সদস্যসচিব করে গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। এ কমিটিতে দলের কেন্দ্রীয় উপকমিটির আরও ২১ জন সদস্যকে রাখা হয়েছে।
মনোনয়নপত্র কিনবেন এমন কয়েকজন নেতা জানান, আজ সকাল ১০টার দিকে তাঁরা ঢোল-তবলা, ব্যান্ড পার্টি নিয়ে মনোনয়নপত্র কিনতে যাবেন। এ ছাড়া তাঁরা এলাকা থেকেও বিপুলসংখ্যক নেতা-কর্মীকে ঢাকায় এনেছেন।