আজ থেকে আদমশুমারি পরবর্তী যাচাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে আদমশুমারি ও গৃহগণনা ২০১১ পরবর্তী যাচাইয়ের (পোস্ট ইনিউমারেশন চেক-পিইসি) কাজ শুরু হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) দেশের ২৮০টি এলাকায় এই যাচাইয়ের কাজ করবে। যাচাই শেষ হবে ১৪ এপ্রিল।পিইসি শুরুর প্রাক্কালে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিআইডিএস এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, ২৮০ জন গণনাকারীর ১৪০ জন গ্রামীণ এলাকায় এবং ১৪০ জন শহর-নগর এলাকায় গণনা করবেন। শহরের ১৪০ জনের মধ্যে থানা এলাকায় ২০ জন, মিউনিসিপ্যালটি এলাকায় ৬০ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৬০ জন গণনা করবেন। প্রত্যেক গণনাকারী ১২০টি পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ৫০ জন সুপারভাইজার ও ১৪ জন সমন্বয়কারী তাঁদের কাজ তদারকি ও সমন্বয় করবেন। গত ১৫ থেকে ১৯ মার্চ দেশব্যাপী আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল শুমারিতে অনেকে গণনা থেকে বাদ পড়ে। আবার তথ্য সংগ্রহের সময়ও কিছু ভুল হয়। পিইসি-বিষয়ক উপদেষ্টা দুর্গাপদ ভট্টাচার্য জানান, গণনাকারীরা ১৫টি প্রশ্নসংবলিত একটি প্রশ্নপত্র ব্যবহার করবেন।